স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত করা হবে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই কার্যকর হবে।
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া হাফেজিয়া মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। বর্তমান সরকার গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে।
জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, সেটাই হবে। তদন্ত হয়েছে, প্রয়োজন হলে আবারও তদন্ত হবে। বিষয়গুলো যেহেতু আদালতে আছে, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী চলবে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম, ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো সেসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।




