নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
পাঁচ মামলার মধ্যে চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেগুলো হলো- ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর মামলাটি হয়েছে সদর মডেল থানায়।
আসামিপক্ষে ছিলেন জ্যৈষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু। আইনজীবী সাজু বলেন, সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে আরও পাঁচটি মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।
গত বছরের ৯ মে রাত ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁকে হাইকোর্ট ৫ মামলায় জামিন দেন। এরপর আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। পরে ১৮ নভেম্বর তাঁকে আরও ৫ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।




