গত মাসে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগে করা মামলার পরিপ্রেক্ষিতে কুমিল্লা-১১ আসনে জয়ী প্রার্থী জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ ভোটের সরঞ্জামাদি নির্বাচন কমিশনের (ইসি) হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার কারচুপি ও অনিয়মের অভিযোগের মামলাটি শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেছিলেন কুমিল্লা-১১ আসনের প্রার্থী মো. কামরুল হুদা।
এ ছাড়াও হাইকোর্ট এদিন ময়মনসিংহ-২ এবং সিরাজগঞ্জ-৪ আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট ও অন্যান্য নির্বাচনি সরঞ্জামাদি ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে। ময়মনসিংহ-২ আসনের মোতাহের হোসেন তালুকদার ও সিরাজগঞ্জ-৪ আসনের এম. আকবর আলীও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ জানিয়ে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন।
গত ২৬ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ২০ জনের বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে ওইসব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছে।




