জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দেওয়ায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে আরও একটি মানহানির মামলা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে সমন জারি করেছেন।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভুঁইয়া এ আদেশ দেন।
মামলার বাদী জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বলেন, মুফতি আমির হামজা সিরাজগঞ্জের কৃতী সন্তান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ বলে উল্লেখ করেছেন, যা মানহানিকর। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা করেছেন।
তিনি বলেন, মানহানির ক্ষতিপূরণ অর্থ দিয়ে পূরণ করা যায় না, তাই মামলায় কোনো অর্থমূল্যের দাবি উল্লেখ করা হয়নি।
বাদীপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) বলেন, প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর আদালত শুনানি শেষে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। নির্ধারিত তারিখে তিনি আদালতে হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। পরবর্তী শুনানির তারিখ পরে জানানো হবে।
এর আগে, গত সোমবার একই অভিযোগে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার আরেকটি মানহানির মামলা করেন। ওই মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।




