ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৩৯৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৮৩ জন শিশু রয়েছে। হামলায় আহত হয়েছে অন্তত ১ হাজার ১৩০ জন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এই হালনাগাদ তথ্য জানিয়েছে।
লেবাননে গত সোমবার থেকে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবাননের বিভিন্ন স্থানে শনিবার রাতভর হামলা চালানো হয়েছে। লেবাননে হিজবুল্লাহকে দুর্বল করতে হামলা অব্যাহত রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আইডিএফ বলেছে, শনিবার রাতভর লেবাননের দক্ষিণাঞ্চল এবং বেকা উপত্যকায় হিজবুল্লাহর রকেট লঞ্চার, অস্ত্র সংরক্ষণাগার এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
আইডিএফ বলছে, হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের কমান্ডারদের লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ লেবাননের মাজদাল সেল এলাকায় দুটি রাদওয়ান কমান্ড সেন্টারেও আঘাত করা হয়েছে।
হিজবুল্লাহকে ফের অস্ত্র সমর্পণের আহ্বান লেবানন সরকারের
লেবাননের সরকার আবারও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানান, আরব লীগের এক বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন- হিজবুল্লাহর সামরিক কার্যক্রম লেবানন রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে না।
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, লেবানন উপসাগরীয় আরব দেশ, জর্ডান ও ইরাককে লক্ষ্য করে ইরানের হামলার তীব্র নিন্দা জানায়।
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, হিজবুল্লাহ লেবাননের জাতীয় স্বার্থ উপেক্ষা করে স্বাধীনভাবে সামরিক কার্যক্রম চালাচ্ছে। তাই সংগঠনটিকে অবিলম্বে তাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানান তিনি।
এদিকে চলতি সপ্তাহে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান শুরু করার পর দক্ষিণ সীমান্তের কিছু জায়গা থেকে লেবানিস আর্মড ফোর্সেস সেনারা সরে গেছে বলে খবর পাওয়া গেছে।
বিশ্লেষকদের মতে, ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত এবং ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যে লেবাননের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও বাড়ছে।




