মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে। তিনি মার্কিন সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, তারা দারুণ কাজ করছে।
ওভাল অফিসে এক বৈঠকে ট্রাম্প জানান, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের গ্যাস ফিল্ডে একই ধরনের হামলা আবার না করতে বলেছেন।
তবে ওই হামলার বিষয়ে আগে থেকে তিনি জানতেন বা অনুমোদন দিয়েছিলেন কি না সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। আগে তিনি দাবি করেছিলেন, এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র কিছু জানত না।
ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলার পর ইরান পাল্টা আক্রমণ চালায়। এতে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে যুদ্ধ ২১ দিনে গড়িয়েছে এবং এটি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।




