গণভোটের ফল সংশোধন করে গেজেট প্রকাশ

গণঅভ্যুত্থান পরবর্তী সংবিধান সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সংশোধিত গেজেট অনুযায়ী, আগের ঘোষিত ফলাফলের তুলনায় ‘হ্যাঁ’ ও ‘না’—উভয় ভোটের সংখ্যাই কমেছে। পাশাপাশি বেড়েছে বাতিল ভোট।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সই করা অতিরিক্ত গেজেটে সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়।

এতে জানানো হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানের পর জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের লক্ষ্যে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’-এর অধীনে গত ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়।

এর প্রাথমিক ফলাফল ১৩ ফেব্রুয়ারি গেজেট আকারে প্রকাশিত হয়েছিল। প্রশাসনিক ও কারিগরি যাচাই-বাছাই শেষে এখন সংশোধিত ফল প্রকাশ করা হলো।

১৩ ফেব্রুয়ারির প্রথম গেজেট অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট ছিল ৪ কোটি ৮২ লাখ ৬৬০ এবং ‘না’ ভোট ছিল ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬। মোট প্রদত্ত ভোট ছিল ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩। যার মধ্যে বাতিল হয়েছিল ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭।

সংশোধিত ফলাফলে দেখা যায়, ‘হ্যাঁ’ ভোট দাঁড়িয়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০ এবং ‘না’ ভোট ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১। মোট প্রদত্ত ভোটের সংখ্যা হয়েছে ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭। এর মধ্যে বাতিল ভোট বেড়ে দাঁড়িয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬।

হিসাব অনুযায়ী, আগের ঘোষণার তুলনায় ‘হ্যাঁ’ ভোট কমেছে ৯ লাখ ৭৪ হাজার ৬৮০ এবং ‘না’ ভোট কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫। মোট প্রদত্ত ভোট কমেছে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬। তবে বৈধ ভোট কমলেও বাতিল ভোট বেড়েছে ১২ হাজার ৫৫৯।

সংশোধনের সুনির্দিষ্ট কারণ বিস্তারিতভাবে উল্লেখ না করে ইসি জানিয়েছে, কমিশনের আদেশক্রমেই এই সংশোধিত গেজেট প্রকাশ করা হয়েছে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025