ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনসহ ৫ জন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে তাদেরকে আটক করার ঘটনা ঘটেছে।
প্রাথমিকভাবে আটক হওয়া বাকি চারজনের নাম জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের কেউ কথা বলতে চাননি।
রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ‘এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে পারব না। তবে তাদের আটক করা হয়নি।’
এর আগে দুপুরে নিজেকে আওয়ামী লীগের আমলে বঞ্চিত একজন উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম কামাল।
পোস্টে তিনি লিখেন, ‘ধানমন্ডি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আজ বিকেল ৪টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।’




