ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা কার্যক্রম পুনরায় চালুর প্রক্রিয়া শুরু করেছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
দুই মাস আগে আকস্মিকভাবে এই সেবা স্থগিত হয়ে গিয়েছিল। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) থেকে আবারও পর্যটক ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে।
হাইকমিশনের ভিসা বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ভারতীয় নাগরিকদের কাছ থেকে আবারও পর্যটক ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে হাইকমিশন।
গত বছরের ডিসেম্বর থেকে চাণক্যপুরী কূটনৈতিক এলাকায় অবস্থিত ভিসা কাউন্টারের দেয়ালে টানানো পর্যটক ভিসা সেবা সাময়িক স্থগিতের নোটিশটি আজ সকালে সরিয়ে নেওয়া হয়েছে।
ওই কর্মকর্তা জানান, এই সময় পর্যটক ভিসা সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও অন্যান্য ধরনের ভিসা নির্দিষ্ট শর্তে আংশিকভাবে চালু ছিল।
তিনি বলেন, শুধু পর্যটক ভিসা বন্ধ রাখা হয়েছিল এবং অন্যান্য ভিসা ক্যাটাগরিতেও কিছু বিধিনিষেধ ছিল। ভিসা কার্যক্রম পারস্পরিক ভিত্তিতে পরিচালিত হওয়ায় ব্যবসায়িক ও কর্মসংস্থানভিত্তিক ভিসা এই বিধিনিষেধের বাইরে ছিল। তাই এসব ভিসা নতুন করে চালুর প্রয়োজন হয়নি।
তিনি আরও জানান, জরুরি পরিস্থিতি এবং বিশেষ কিছু ক্ষেত্রেও ব্যতিক্রম রাখা হয়েছিল। যেমন সম্প্রতি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কয়েকজন ভারতীয় সাংবাদিককে নির্বাচন কাভারের জন্য ভিসা দেওয়া হয়েছিল।
কিছুদিন আগে সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস বাংলাদেশি গণমাধ্যমকে জানান, বাংলাদেশিদের জন্য ভারতের মিশনগুলোতে সব ধরনের ভিসা সেবা পুরোপুরি চালুর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর পরপরই ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা চালুর উদ্যোগের কথা জানালো বাংলাদেশ হাইকমিশন।
গত ডিসেম্বরে বিভিন্ন ইস্যুতে কূটনৈতিক উত্তেজনা বাড়ায় দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। এর ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার ও ভিসা সেবা ব্যাপকভাবে স্থগিত করা হয়েছিল।




