কুমিল্লায় চাচা-ভাতিজাকে গুলি করে ও রগ কেটে হত্যা

কুমিল্লার নাঙ্গলকোটে পূর্বশত্রুতার জেরে গোষ্ঠীগত সংঘর্ষে এক প্রবাসী ও এক সাবেক ইউপি সদস্যকে গুলি করে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে আবুল খায়ের মেম্বার গ্রুপ ও নিহত সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রবাস থেকে এক মাস আগে দেশে ফেরা দেলোয়ার হোসেন নয়ন (৪৫) এবং বক্সগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার সালেহ আহম্মদ (৭০)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

নিহত দেলোয়ার হোসেন নয়নের ছেলে ফয়সাল আহমেদ জয় অভিযোগ করে জানান, তার বাবাকে আলাউদ্দিন মেম্বারের ছেলে রমিজ, মনা মিয়ার ছেলে তৌহিদ, মিন্টুর ছেলে অনিক মকজুল মেম্বারের ছেলে সামছু উদ্দিন ও তোতা মিয়াসহ দুই শতাধিক লোক প্রথমে পায়ে গুলি করে। তিনি মাটিতে পড়ে গেলে দুই হাত ও দুই পায়ের রগ কেটে এবং মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দেলোয়ার হোসেন নয়ন ও সালেহ আহম্মদকে গুলি করে আহত করার পর ধারালো অস্ত্র দিয়ে হাত-পায়ের রগ কেটে দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের কুমিল্লা ও ফেনীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। সেনাবাহিনী টহল দিয়েছে।

বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশীদ ভূঁইয়া জানান, গত চারদিন ধরে বিবদমান দুইপক্ষের সঙ্গে বৈঠক করে আসছি। শুক্রবার সকালেও তাদের সংঘাতে জড়াতে নিষেধ করেছি। কিন্তু তারা আমাদের কথা শোনেনি। স্থানীয় পর্যায়ে বিভিন্ন সময়ে মীমাংসার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন এলাকা শান্ত রয়েছে। পুলিশ ঘাতকদের চিহ্নিত করে ধরতে চেষ্টা চালাচ্ছে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025