চট্টগ্রাম বন্দরে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন শ্রমিক বিক্ষোভের মুখে পড়েছেন। বৃহস্পতিবার বন্দর ভবনে একটি সভায় যোগ দিতে গেলে আন্দোলনরত বন্দর শ্রমিকরা তার গাড়ি আটকে বিক্ষোভ শুরু করেন।
এ সময় বিক্ষোভকারীরা ‘গো ব্যাক, গো ব্যাক, ডিপি ওয়ার্ল্ড’ স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের আশ্বাস দিলে উপদেষ্টার গাড়ি চলাচলের পথ ছেড়ে দেন আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীদের শান্ত করার উদ্দেশ্যে নৌপরিবহন উপদেষ্টা বলেন, আমি শ্রমিক নেতাদের কথা শুনব, আমিও কথা বলব। দেশের কোনো ক্ষতি হোক—আমি তা চাই না।
তবে উপদেষ্টার গাড়ি এলাকা ত্যাগ করার পরও শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকে। স্লোগান ও মিছিলে ফের উত্তপ্ত হয়ে ওঠে পুরো বন্দর এলাকা।
টানা আন্দোলনের কারণে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই বন্দরের গুরুত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনীর সদস্যদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
শনিবার থেকে বন্দর শ্রমিকরা প্রতিদিন ৮ ঘণ্টা করে টানা তিন দিন কর্মবিরতি পালন করেন। এরপর মঙ্গলবার সকাল থেকে শুরু হয় ২৪ ঘণ্টার সর্বাত্মক কর্মবিরতি, যা বর্তমানে অনির্দিষ্টকালের আন্দোলনে রূপ নিয়েছে। শ্রমিকদের দাবির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সমাধান না আসায় বন্দরের কার্যক্রমে অচলাবস্থা বিরাজ করছে।




