চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে দুইজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে সদর মডেল থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভোর ৫টার দিকে ফাটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বসতবাড়িতে কয়েকজন ককটেল তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত দুইজন নিহত হন।
বিস্ফোরণে গুরুতর আহত হন মো. বজলুর রহমান (২০), মো. মিনহাজ (২২) ও মো. শুভ (২০)। আহতদের তাৎক্ষণিকভাবে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহত দুইজনের মুখমণ্ডল বিকৃত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, আহত ব্যক্তিরা ককটেল তৈরির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




