হবিগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী নেতাসহ আটক ৩

হবিগঞ্জে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) এনামুল হক সাকিবসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের চৌধুরী বাজারের খোয়াই মুখ এলাকা থেকে তাদের আটক করা হয়।

এনামুল হক সাকিব শহরতলীর উমেদনগর গ্রামের আব্দুল মতিনের ছেলে। আটক অন্য দুজন হলেন- উমেদনগর গ্রামের শাহ আলমের ছেলে মো. শিহাব আহমেদ এবং নসরতপুর গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে মো. মোশারফ।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ১৫ দিন আগে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে চৌধুরী বাজার খোয়াই মুখ এলাকার এক ব্যবসায়ীকে হুমকি দিয়ে ৪৪ হাজার টাকা আদায় করেন সাকিব। এরপর আবারও তার কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন তিনি।

মঙ্গলবার রাত ১০টার দিকে সাকিবের নেতৃত্বে শিহাব ও মোশারফসহ কয়েকজন ওই ব্যবসায়ীর দোকানে গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে আওয়ামী লীগের দোসর হিসেবে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা তাদের আটক করে রাখে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করে।

স্থানীয়রা জানান, এনামুল হক সাকিবের বিরুদ্ধে হবিগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকায় মব সন্ত্রাসের ভয় দেখিয়ে ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ রয়েছে। তিনি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছিলেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে সেনাবাহিনী তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025