বড় জয় পেল আর্জেন্টিনা, ক্রোয়েশিয়াকে হারাল ব্রাজিল

বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ আন্তর্জাতিক ম্যাচে সহজেই জিতেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। বুধবার ভোরে আফ্রিকান দেশ জাম্বিয়াকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আর অন্য ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পরাজয়ের প্রতিশোধ নিয়েছে ব্রাজিল।

লিওনেল মেসি পুরো ম্যাচ খেলবেন কি না সেই প্রশ্ন যেমন ছিল, তেমনি শিষ্যদের কাছে আরও ভালো পারফরম্যান্স আশা করেছিলেন লিওনেল স্কালোনি। দুটো প্রশ্নেরই উত্তর মিলেছে ভালোভাবে। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে ৮৮ ধাপ পিছিয়ে থাকা আফ্রিকান দেশ জাম্বিয়া কোনো পাত্তাই পায়নি। মেসি-আলভারেজদের গোলে আলবিসেলেস্তেরা ৫-০ ব্যবধানে জিতেছে।

বিশ্বকাপের আগে দল চূড়ান্ত করার লক্ষ্যে শেষ দুটি ম্যাচ খেলে ফেলল স্কালোনির দল। আগের ম্যাচে মৌরিতানিয়ার বিপক্ষে জিতলেও শিষ্যদের পারফরম্যান্স প্রত্যাশা করতে পারেনি তার। আজ (বুধবার) একই ভেন্যু বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে জাম্বিয়ার বিপক্ষে স্কালোনি একাদশে বড় পরিবর্তন (৮) আনেন। শুরু থেকে শেষ পর্যন্ত খেললেন মেসিও। এ ছাড়া এমিলিয়ানো মার্টিনেজকে উঠিয়ে শেষ ২৫ মিনিট সুযোগ দিয়েছেন আরেক গোলরক্ষক হুয়ান মুসোকে।

প্রথমার্ধে হুলিয়ান আলভারেজের গোলে লিড নেওয়ার পর বিরতির আগমুহূর্তে স্কোরশিটে নাম তোলেন মেসি। দ্বিতীয়ার্ধে গোল করেন নিকোলাস ওতামেন্দি ও ভ্যালেন্টিন বার্কো। আর্জেন্টিনার আরেকটি গোল এসেছে জাম্বিয়ার ডমিনিক চান্দার আত্মঘাতি অবদানে। ম্যাচজুড়ে ৭৬ শতাংশের বেশি বল দখলে রেখে গোলের জন্য ৯টি শট নেয় আর্জেন্টিনা, যার মধ্যে লক্ষ্যে ছিল ৫টি। বিপরীতে জাম্বিয়া ৩ শটের স্রেফ একটি লক্ষ্যে রাখতে পারে।

খেলার মাত্র চতুর্থ মিনিটেই লিড নেয় আর্জেন্টিনা। লিয়েন্দ্রো পারেদেসের দূরপাল্লার বল পেয়ে মেসি সেটি বক্সে বাড়ান, জোরালো শটে গোলটি করেন আলভারেজ। অধিনায়ক মেসিও গোল পেয়ে যান বিরতির আগমুহূর্তে। ৪৩ মিনিটে অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর নিচু শটে তিনি বল জালে জড়ান। ঘরের মাঠে এটি সম্ভবত মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, যা গোল-অ্যাসিস্টে রাঙালেন এই মহাতারকা। বিশ্বকাপের আগে আর্জেন্টিনা আরও ম্যাচ থাকলেও এই ম্যাচ দিয়ে তারা নিজের দেশকে বিদায় বলে দিয়েছে।

৫০ মিনিটে থিয়েগো আলমাদা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আলবিসেলেস্তেরা। নিজে না নিয়ে মেসি এগিয়ে দেন ওতামেন্দিকে। তারও দেশের মাটিতে এটি শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে পারে, ফলে তার সামনেও বিশেষ স্মৃতিতে ম্যাচটি রাঙানোর সুযোগ আসে। সফল স্পটকিকে সেটি পূরণ করেছেনও এই ডিফেন্ডার। ৬৮ মিনিটে স্বাগতিকদের প্রবল চাপের মুখে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল ঠেলে দেন জাম্বিয়ার ডমিনিক চান্দা।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জাতীয় দলে প্রথমবার গোলের দেখা পেলেন বার্কোও। নিকোলাস গঞ্জালেসের বাড়ানো বল ধরে পেনাল্টি স্পট থেকে অনায়াসে তিনি জাম্বিয়া গোলরক্ষককে পরাস্ত করেছেন।

অন্যদিকে, গত সপ্তাহে ফ্রান্সের কাছে হারের ধাক্কা সামলে জয়ে ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অরল্যান্ডোয় বিশ্বকাপের প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই জয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েটদের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার আক্ষেপ কিছুটা হলেও ঘুচল সেলেসাওদের।

আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে এটিই ছিল ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচ। জয়ে ফেরার এই স্বস্তির দিনে ব্রাজিলের হয়ে জালের দেখা পেয়েছেন দানিলো, ইগর থিয়াগো ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ব্রাজিল। তবে প্রথম গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত। দ্রুতগতির আক্রমণ থেকে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক দৌড়ের পর দানিলো জোরালো শটে লক্ষ্যভেদ করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে লোভরো মায়েরের গোলে ১-১ সমতায় ফেরে ক্রোয়েশিয়া। তবে বদলি হিসেবে মাঠে নামা তরুণ তারকা এন্দ্রিক ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেন। ৮৮ মিনিটে বক্সের ভেতর তিনি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিক থেকে গোল করে দলকে আবারও লিড এনে দেন ইগর থিয়াগো। এরপর যোগ করা সময়ে ক্রোয়েশিয়ার কফিনে শেষ পেরেকটি ঠোকেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ব্রাজিলের ৩-১ ব্যবধানের এই জয়ে তৃতীয় গোলটিতেও বড় অবদান ছিল এন্দ্রিকের।

নিজেদের ষষ্ঠ শিরোপার খোঁজে থাকা ব্রাজিল এবারের বিশ্বকাপে খেলবে ‘সি’ গ্রুপে। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে ১৯ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025