মুক্তির আগেই বক্স অফিসে চমক দেখাচ্ছে ‘ধুরন্ধর ২’

মুক্তির আগেই বক্স অফিসে চমক দেখাতে শুরু করেছে বলিউড তারকা রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর ২’। আগামী ১৯ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। তবে এর আগেই ছবিটির অগ্রিম টিকিট বিক্রি যুক্তরাষ্ট্রে ২০ লাখ ডলার ছাড়িয়েছে।

ছবিটির ট্রেলার প্রকাশ পায় গত ৭ মার্চ। ট্রেলারেই দর্শকেরা দেখতে পান জাসকিরাত সিং রাঙ্গি ওরফে হামজা আলি মাজরির চরিত্রে রণবীর সিংকে। ট্রেলার প্রকাশের সঙ্গেই বিশ্বজুড়ে পেইড প্রিভিউ শোর টিকিট বিক্রি শুরু হয়।

ব্যবসায়িক সূত্রের বরাদ দিয়ে ভারতীয় গণমাধ্যম আউটলুক ইন্ডিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও কানাডায় শুধু প্রিমিয়ার শোর টিকিট বিক্রি থেকেই প্রায় ৭ লাখ ৫০ হাজার ডলার আয় হয়েছে। প্রথম দিনের অগ্রিম বিক্রি ইতোমধ্যেই ১০ লাখ ডলার ছাড়িয়েছে। আর ওপেনিং উইকেন্ডের অগ্রিম আয় ২০ লাখ ডলারেরও বেশি। মুক্তির এখনো প্রায় এক সপ্তাহ বাকি থাকায় এই সংখ্যা আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভারতে ইতোমধ্যেই প্রায় ৩ লাখ ৫০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে, যার মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৯ কোটি রুপি।

বর্তমানে যুক্তরাষ্ট্রে ভারতীয় ছবির সবচেয়ে বড় প্রিমিয়ার আয়ের রেকর্ড রয়েছে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’–এর, যা পেইড প্রিভিউ থেকে প্রায় ১২ লাখ ডলার আয় করেছিল। সিনেমা বিশ্লেষকদের মতে, ‘ধুরন্ধর ২’ সেই রেকর্ড ভেঙে দিতে পারে।

এছাড়া যুক্তরাষ্ট্রে ওপেনিং উইকেন্ডের আয়েও টক্কর দিতে পারে আরআরআর, ‘পুষ্পা-২’ ও ‘বাহুবলী-২’ এর মতো প্যান-ইন্ডিয়া ব্লকবাস্টার সিনেমাকে।

সব মিলিয়ে মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এখন দেখার বিষয়, বক্স অফিসে ছবিটি সত্যিই কি নতুন রেকর্ড গড়তে পারে।

Tags :

Entertainment Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025