দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে রিট করেছেন ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রিটে তার প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে।
সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করা হয়। নাহিদ ইসলামের পক্ষে আইনজীবীরা হলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী।
দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ তুলে ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করেন নাহিদ ইসলামের আইনজীবীরা।
এ বিষয়ে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা বলেন, এ সপ্তাহেই হাইকোর্টে রিট আবেদনটির ওপর শুনানি হবে।
ঢাকার সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে গত ৩ জানুয়ারি এম এ কাইয়ুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম দলটির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক।




