বিএনপি-জামায়াত সমর্থকদের সংযম নিশ্চিতের আহ্বান

বুধবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা সহিংসতায় জড়িয়ে পড়েন। এতে প্রাণ গেছে এক জামায়াত নেতার।

এ ঘটনার প্রেক্ষিতে বিএনপি-জামায়াতসহ সব দলকে তার সমর্থকদের সংযম নিশ্চিত করার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

নির্বাচনি সংঘাতে শেরপুরে জামায়তের এক নেতার মৃত্যুর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই আহ্বান জানানো হয়েছে।

এতে বলা হয়, “শেরপুরে সংঘটিত সাম্প্রতিক সহিংসতায় জামায়াতে ইসলামীর এক রাজনৈতিক কর্মীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে। সহিংসতার ফলে প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক।”

আগেরদিন শেরপুর-৩ আসনের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমসহ উভয় দলের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় রেজাউল করিমের মৃত্যু হয়।

এ নিয়ে ভোটের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠার মধ্যে সরকার বলছে, ‘জাতীয় নির্বাচন আর মাত্র দুই সপ্তাহ দূরে থাকাকালে সরকার বিএনপি ও জামায়াতে ইসলামসহ সকল রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে।”

“গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই”, বলেও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে বিবৃতিতে।

শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে জানিয়ে সরকার বলছে, “এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে জেলার সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

বিবৃতিতে বলা হয়, “সব রাজনৈতিক দল, নেতা এবং নির্বাচনী প্রচারণায় যুক্ত সকলের প্রতি শান্তি বজায় রাখা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে ভোটারদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। শান্ত পরিবেশ, শৃঙ্খলা ও গণতান্ত্রিক আচরণের ওপরই জাতির ভবিষ্যৎ নির্ভরশীল।”

অন্তর্বর্তীকালীন সরকার একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025