২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে আইসিসি আল্টিমেটাম দিলেও ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় ছিল বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কি যাবে না এ নিয়ে বুধবার ভার্চুয়াল বৈঠকে বসে আইসিসি। সেখানে সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে যায়। এরপর সিদ্ধান্ত জানানোর জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় আইসিসি।
আল্টিমেটামের সময় শেষ হয়ে গেলেও ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে বিসিবি জানিয়েছে, ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠাবে না। তারপরও আরেকবার আইসিসির সঙ্গে যোগাযোগ করবে বলে জানিয়েছে বোর্ড।
ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে আসিফ নজরুল বলেন, আমরা এখনও অপেক্ষা (আইসিসি) করছি। আজকে ক্রিকেটারদের সঙ্গে যখন কথা বলেছি, প্রথমেই বলেছি, ক্রিকেটারদের সঙ্গে যে কথা হবে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। এটা আমাদের বিশেষ যোগাযোগ। তাদের কারও কথা আমি সাংবাদিকদের বলব না। তারা বলতে চাইলে বলবে। আমার কী কথা তাদের কী বলেছি সেটাও বলব না।
ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, আমাদের সাক্ষাতের উদ্দেশ্যই ছিল, আমরা কেন সরকার এই সিদ্ধান্ত নিয়েছি সেটা ব্যাখ্যা করে বুঝিয়ে বলা। আমার কাছে মনে হয়েছে তারা এটা বুঝতে পেরেছে। এটাই উদ্দেশ্য ছিল, আর কিছুই না। তারা কী বলেছে সেটা বলার অধিকার আমার নেই।




