ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় খলিলুর রহমানের সম্মানে দোভালের আয়োজিত এক নৈশভোজের সময় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দুই দেশের কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ বৈঠকে তারা আঞ্চলিক নিরাপত্তা ছাড়াও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ করেছেন। তবে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুইদিনের সফরে মঙ্গলবার বিকেলে দিল্লি পৌঁছান। তার সফরসঙ্গী হিসেবে আছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দুইদিনের সফর শেষে মরিশাসের পোর্ট লুইসে ইন্ডিয়ান ওশেন কনফারেন্সে যোগ দেবেন পররাষ্ট্র মন্ত্রী।

জাতীয় সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নতুন সরকারের একজন জ্যেষ্ঠ সদস্যের এটি প্রথম উচ্চ পর্যায়ের ভারত সফর।

এদিকে আজ দুপুরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়সংকরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন খলিলুর রহমান। দিল্লির হায়দ্রাবাদ হাউজে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কূটনৈতিক সূত্র বলছে, ড. খলিলুর রহমানের সফরে জ্বালানি সহায়তা, ভারতের পর্যটন ভিসা চালু, গঙ্গা চুক্তি নবায়ন, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা, বাণিজ্য সম্পর্কিত ইস্যুগুলো প্রাধান্য পাবে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা হতে পারে।

কূটনৈতিক সূত্র বলছে, এরপর বিকাল সাড়ে ৪টায় ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ও সাড়ে ৫টায় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে বাণিজ্য ভবনে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন।

Tags :

International News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025