জ্বালানি খাতের চলমান সংকট নিরসনে প্রতিবেশী দেশ ভারতের কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। জ্বালানি নিরাপত্তার অংশ হিসেবে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কম্পানি ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল) এবং আসামের নুমলীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল)-এর কাছ থেকে চার মাসে ৫০ হাজার টন ডিজেল সরবরাহের জন্য আহ্বান জানিয়েছে ঢাকা।
একাধিক সূত্রে জানা যায়, জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরিভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে।
সরকারের পক্ষ থেকে ভারতের এই দুই প্রতিষ্ঠানের কাছে পাঠানো প্রস্তাবে আগামী চার মাসের মধ্যে ৫০ হাজার টন ডিজেল বাংলাদেশে সরবরাহের প্রক্রিয়া শুরু করার অনুরোধ জানানো হয়েছে।
ভারতের এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ডিজেল আমদানির চুক্তি সম্পন্ন হলে তা দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
সরকারের উচ্চপর্যায়ের সূত্রমতে, জ্বালানি সংকট কাটাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পাশাপাশি বর্তমান জরুরি পরিস্থিতি সামাল দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেলে খুব দ্রুতই এই ডিজেল বাংলাদেশে আসা শুরু হবে।
জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা
এদিকে, দেশব্যাপী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) জরুরি নির্দেশনা পাঠানো হয়েছে।
সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেট পরিবীক্ষণ শাখা থেকে এ নির্দেশনা জারি করা হয়।
সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়ার সই করা চিঠিতে বলা হয়েছে, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট যাতে তৈরি না হয়, তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
চিঠিতে অবৈধভাবে তেল মজুত বন্ধ করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি প্রতিরোধ করা এবং খোলা বাজারে তেল বিক্রি ও পাচার রোধে কঠোর নজরদারির কথা বলা হয়েছে। এসব বিষয়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের যথাযথ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিপিসি এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সমন্বয়ে ‘কেন্দ্রীয় ও আঞ্চলিক মনিটরিং ও কন্ট্রোল সেল’ গঠন করা হয়েছে।



