বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন করলেন অরুন্ধতী রায়

ফিলিস্তিনের গাজা ইস্যুতে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরিবোর্ডের সদস্যদের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে উৎসব বর্জনের ঘোষণা দিয়েছেন ভারতীয় লেখিকা অরুন্ধতী রায়।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়্যারে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

বিবৃতিতে অরুন্ধতী রায় বলেন, গাজায় চলমান ‘গণহত্যা’ নিয়ে জুরি সদস্যদের উদাসীনতা ও ‘শিল্পের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই’—এমন দাবি তাঁকে ক্ষুব্ধ করেছে।

গত বৃহস্পতিবার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে জুরিবোর্ডের প্রধান, বিখ্যাত জার্মান পরিচালক উইম ওয়েন্ডার্সকে গাজা যুদ্ধে জার্মানির সমর্থন ও মানবাধিকারের দ্বিমুখী নীতি নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে ওয়েন্ডার্স বলেন, ‘চলচ্চিত্র নির্মাতাদের রাজনীতি থেকে দূরে থাকা উচিত। আমরা যদি রাজনৈতিক চলচ্চিত্র নির্মাণ করি, তবে আমরা রাজনীতির মাঠে ঢুকে পড়ব। কিন্তু আমরা তো রাজনীতির প্রতিপক্ষ বা পাল্টা ভারসাম্য। আমাদের উচিত মানুষের জন্য কাজ করা, রাজনীতিকদের কাজ করা নয়।’

জুরিবোর্ডের আরেক সদস্য পোলিশ প্রযোজক ইওয়া পুসজিনস্কা এই প্রশ্নটিকে ‘একটু অন্যায্য’ বলে অভিহিত করেন এবং বলেন, ‘বিশ্বের আরও অনেক জায়গায় গণহত্যা ঘটছে—যা নিয়ে আলোচনা হয় না।’

এই মন্তব্যের প্রতিক্রিয়ায় অরুন্ধতী রায় বলেন, ‘জুরি সদস্যদের মুখ থেকে “শিল্পের রাজনৈতিক হওয়া উচিত নয়”—এমন কথা শোনা বিস্ময়কর। এটি মূলত মানবতার বিরুদ্ধে চলমান একটি অপরাধ নিয়ে আলোচনা বন্ধ করে দেওয়ার কৌশল। যখন আমাদের চোখের সামনে এই অপরাধ (গণহত্যা) ঘটছে, তখন শিল্পী ও লেখকদের উচিত তা বন্ধ করতে নিজেদের সর্বশক্তি প্রয়োগ করা।’

তিনি আরও বলেন, ‘গাজায় স্পষ্টত ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। আর যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইউরোপের দেশগুলো এই অপরাধে সরাসরি মদদ দিচ্ছে।’

প্রসঙ্গত, অরুন্ধতী রায়ের লেখা ও অভিনীত ১৯৮৯ সালের ক্ল্যাসিক চলচ্চিত্র ‘ইন হুইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ানস’ (In Which Annie Gives It Those Ones) এবারের বার্লিনেল ক্ল্যাসিক বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছিল। ১২ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই উৎসবে তাঁর অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু জুরি সদস্যদের বিতর্কিত মন্তব্যে জেরে তিনি এবারের উৎসব বর্জনের ঘোষণা দিয়েছেন।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025