বাংলাদেশের ভিসা পেলেন না আইসিসির ভারতীয় প্রতিনিধি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ঢাকায় এসেছে আইসিসির প্রতিনিধি দল। তবে আইসিসি প্রতিনিধিদলের দুজনের একজন পাননি বাংলাদেশের ভিসা। ভিসা না পাওয়া কর্মকর্তা একজন ভারতীয়। কেবল ঢাকায় আসতে পেরেছেন আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ।

ভিসা জটিলতায় আইসিসির দুই সদস্যের প্রতিনিধিদল অর্ধেক হয়ে যাওয়ায় আলোচনার শুরুতেই একটি লজিস্টিক বিপর্যয় দেখা দিয়েছে।

তবে সব ছাপিয়ে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির প্রতিনিধির মধ্যকার সভা। এই সভায় অনেকটাই নিশ্চিত হবে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কিনা সেই শঙ্কা এখনো দূর হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পষ্ট জানিয়েছে, ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। বিকল্প হিসেবে ভারত বাদে অন্য যেকোনো জায়গায় খেলতে চায় বাংলাদেশ। পছন্দের ভেন্যু অন্য আয়োজক শ্রীলঙ্কা।

তবে আইসিসি বাংলাদেশকে অনুরোধ করেছে বিষয়টি পুনঃবিবেচনা করার জন্য। বিসিবি তাতেও রাজি নয় বিসিবি। তাই বিশ্বকাপ ইস্যুতে আলোচনার জন্য এক প্রতিনিধি বাংলাদেশে এসেছেন। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির এক পরিচালক।

আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে আজ শনিবার সন্তোষজনক বৈঠকের আশা করছে বাংলাদেশ।

শুক্রবার এ ব্যাপারে বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেছেন, আমি জানি আইসিসি প্রতিনিধি দল আসছে। প্রোগ্রাম সম্পর্কে সভাপতির জানা আছে। প্রোগ্রামে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট থাকবেন। আশা করি, মিটিং থেকে সন্তোষজনক ফল আসবে।

বিশ্বকাপ ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নে মিঠু বলেন, আমাদের অবস্থান পরিষ্কার। বোর্ড বলেন আর সরকার— আমরা মনে করি, আমাদের টিম, খেলোয়াড় ও সমর্থকরা নিরাপদ না সেখানে। এটা নিয়েই আলাপ হবে। এটা সভাপতি নিজেই দেখভাল করছেন। দেখি কাল কী ফল হয়। আমাকে যদি মিটিংয়ে থাকতে বলে থাকব। নয়তো উনি (আমিনুল ইসলাম বুলবুল) যাদের নিয়ে মিটিংয়ে বসবেন, তারা এ বিষয়ে আলাপ করবেন। ভালো লক্ষণ যে, তারা (আইসিসি প্রতিনিধি দল) আসছে। দেখা যাক বিষয়টি কোথা থেকে কোথায় যায়।

এদিকে, বিশ্বকাপ ইস্যুতে আইসিসির প্রতিনিধিদলের বাংলাদেশে আসার ইঙ্গিত দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও। দুইদিন আগে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, আমি সর্বশেষ অবস্থা শুধু এইটুকুই জানি, আমাকে আমিনুল ইসলাম বুলবুল সাহেব জানিয়েছে যে, আইসিসির একটা টিম হয়ত আসছে বাংলাদেশে কথা বলার জন্য।

তবে বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশ নিজেদের অবস্থান থেকে সরে আসবে না বলে আবারও জানান আসিফ নজরুল। তিনি বলেছেন, আমাদের অবস্থান থেকে সরার কোনো সুযোগ নাই। আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই। সেটা আমরা শ্রীলঙ্কাতেই খেলতে চাই এবং এটা আয়োজন করা সম্ভব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025