ঢাকার নিকুঞ্জ এলাকায় অফিস ঘেরাও করে অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ টাইমসের বেশ কয়েকজন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
প্রতিষ্ঠানটির এডিটর ইন চিফ সাব্বির আহমেদ ফেসবুক লাইভে বলেন, সেনা সদস্যরা শনিবার বিকেলের শিফটের কর্মীদের তুলে নিয়ে যান।
আর সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।
শনিবার রাত পৌনে ১০টার দিকে বাংলাদেশ টাইমসের অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট করে বলা হয়, বাংলাদেশ টাইমস অফিস ঘেরাও করে সাংবাদিকদের তুলে নিয়ে গেছেন সেনা সদস্যরা।
বাংলাদেশ টাইমসের একজন সংবাদকর্মী জানান, শুক্রবার দুপুরে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল মোড়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান আদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চলা আন্দোলনের সময় আন্দোলনকারীদের একজন সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য করেন, যা প্রচার করে বাংলাদেশ টাইমস। এটিকে কেন্দ্র করেই হয়তো সাংবাদিকদের তুলে নেওয়া হয়ে থাকতে পারে।
খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান জানান, যৌথবাহিনী সন্ধ্যায় নিকুঞ্জ এলাকায় অভিযান চালায়। তবে কী কারণে অভিযান চালানো হয়েছে তা তিনি জানেন না।
এ বিষয়ে সেনাবাহিনীর হাজী ক্যাম্পের (অস্থায়ী ক্যাম্প) মেজর ফাহাদ বলেন, আমরা জিজ্ঞাসাবাদের জন্য বাংলাদেশ টাইমসের কয়েকজন সংবাদকর্মীকে ক্যাম্পে নিয়ে এসেছি। জিজ্ঞাসাবাদ শেষে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এখনও কয়কজনকে জিজ্ঞাসাবাদ চলছে। তাদেরকেও পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া হবে।
কী কারণে এবং কয়জন সাংবাদিককে ক্যাম্পে আনা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে পরে জানানো হবে।




