বাংলাদেশের বর্তমান ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়ার জন্য ব্রিটেনের পররাষ্ট্র সচিবকে অনুরোধ জানিয়েছেন ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান।
বৃহস্পতিবার ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশনে স্পিকারের উদ্দেশ্যে বব ব্ল্যাকম্যান বলেছেন, আমি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উত্থাপন করছি। রাস্তায় হিন্দু পুরুষদের হত্যা করা হচ্ছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে। অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরাও একই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। আগামী মাসে বাংলাদেশে তথাকথিত ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচন হতে চলেছে। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ যারা জনমত জরিপে ৩০% ভোট নিয়ন্ত্রণ করে, তাদেরকে সেখানে ব্যান করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে ইসলামী চরমপন্থীরা একটি গণভোটের আহ্বান জানিয়েছে। তারা বাংলাদেশের সংবিধান চিরতরে পরিবর্তন করে দেবে।
এ সময় তিনি আগামী সপ্তাহে ব্রিটেনের পররাষ্ট্র সচিবের কাছ থেকে একটি বিবৃতি দাবি করেন যেখানে জানতে চাওয়া হবে, বাংলাদেশের সরকার অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কী পদক্ষেপ নিচ্ছে।
লিডার অব দ্য হাউজ স্যার এলান ক্যাম্পবেলও আলোচনায় পার্লামেন্টে অংশ নেন। তিনি বলেন, আমরা গভীরভাবে বাংলাদেশের মানিবাধিকার ও সংখ্যালঘু পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে কাজ করছি। বাংলাদেশের মানবাধিকার ও সংখ্যালঘুদের বিষয়ে সরকারকে আমরা চাপ দিচ্ছি। মানবাধিকারের পক্ষে ব্রিটেনের অবস্থানের দীর্ঘ ইতিহাস আছে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা যোগাযোগা রাখছি।




