ভুটানকে এক ডজন গোল দিল বাংলাদেশ

নেপালের পোখরায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ দারুণভাবে শুরু করল বাংলাদেশের মেয়েরা। উদ্বোধনী ম্যাচেই ভুটানকে গোলবন্যায় ভাসিয়ে ১২-০ ব্যবধানের বিশাল জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল। মুনকি আক্তারের ৪ গোল এবং তৃষ্ণা রানী ও আলপি আক্তারের হ্যাটট্রিকের পাশে একটি করে গোল করেছেন মামুনি চাকমা ও অর্পিতা বিশ্বাস।

পোখারা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় বাংলাদেশ। তবে গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ২৮ মিনিট পর্যন্ত। মামুনির গোলে ডেডলক ভাঙে বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর প্রথমার্ধের শেষ দিকে শুরু হয় গোল উৎসব। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তৃষ্ণা। ঠিক এক মিনিট পর জালের দেখা পান মুনকি। প্রথমার্ধের যোগ করা সময়ে মুনকি নিজের দ্বিতীয় গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর আরও বিধ্বংসী রূপে ফেরে বাংলাদেশ। ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় এবং ৬০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা রানী। এরপর শুরু হয় আলপি ও মুনকি শো। ৭৩ মিনিটে আলপি গোল করার পর ৮১ মিনিটে মুনকি নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।

ম্যাচের শেষ দিকে ভুটানের জালে আছড়ে পড়ে একের পর এক গোল। ৮৬ মিনিটে আলপি নিজের দ্বিতীয় গোল করেন। ৯০ মিনিটের পর যোগ করা সময়ে মুনকি নিজের চতুর্থ গোলটি করলে ডাবল ফিগারে (১০-০) পৌঁছায় বাংলাদেশ। এরপর অর্পিতা বিশ্বাস গোলদাতার খাতায় নাম লেখান এবং একেবারে শেষ মুহূর্তে আলপি নিজের হ্যাটট্রিক পূর্ণ করলে ১২-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আগামী সোমবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025