পাগলাটে প্রেমের গল্প নিয়ে আসছে ‘রাক্ষস’

চেয়ারে বসে আছেন সিয়াম আহমেদ। পায়ের উপর পা তোলা, ঠোঁটে সিগারেট, বা হাতে রক্তমাখা চাপাতি। তার মুখে ও জামায় রক্তে ভরা। চেয়ারের চারপাশে অনেকগুলো মৃতদেহ। তাদের উপরে গোলাপের বৃষ্টি পড়ছে। সিয়ামের মাথার উপরে লাল রঙে ‘রাক্ষস’-এর টাইটেল লোগো। এমনটা দেখা গেছে এবারের ঈদের আকাঙ্খিত সিনেমা ‘রাক্ষস’-এর প্রথম পোস্টারে।

সম্প্রতি ‘রাক্ষস’ সিনেমার পোস্টারটি প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন। ছবিটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন সুস্মিতা চ্যাটার্জি।

প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, অনেক দিন ধরে পর্দায় ক্রেজি লাভ স্টোরি দেখা যায় না। ‘রাক্ষস’ একটি পাগলাটে প্রেমের গল্প। সেই সঙ্গে এতে রয়েছে ফ্যামিলি ড্রামা। আমাদের বিশ্বাস সিনেমাটি এবারের ঈদে দর্শক পছন্দের শীর্ষে থাকবে।

রিয়েল এনার্জির প্রযোজনায় এর আগে ‘বরবাদ’ নির্মিত হয়েছিল। সুমি জানান, ‘বরবাদ’-এর চেয়ে তিন গুণ বেশি ভায়োলেন্স আছে এই সিনেমায়। তার বিশ্বাস, দর্শক ভালোভাবে নেবে এবং যারা একবার ‘রাক্ষস’ দেখবে, তারা বারবার দেখতে চাইবে।

সিনেমার আইটেম গানে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। তিনি বলিউডের পাশাপাশি হলিউডেও অভিনয় করেছেন। তাকে দেখা গেছে ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ ও ‘৩৬৫ ডেইজ’-এর মতো সিনেমায়। এছাড়া সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় টিভি শো ‘বিগ বস’-এও অংশ নিয়েছেন তিনি।

শুধু নাতালিয়া নয়, সিনেমাতে আরও অনেক চমক রয়েছে বলে জানান প্রযোজক সুমি। শিগগিরই সিনেমাটি সেন্সরে জমা পড়বে বলে জানান তিনি।

Tags :

Entertainment Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025