বান্দরবান শহরের মেঘলা পর্যটন এলাকায় একটি পাহাড়ের পাদদেশ থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা কীভাবে মারা গেছেন, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। পুলিশ বলছে, ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
শিশু কন্যাসহ দুজনই বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পরিবার। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে মেঘলা কানাপাড়ায় পাহাড়ের পাদদেশে পারমেসিং মারমা (৩০) ও তার মেয়ে বৃষ্টি মারমার (৪) মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, বুধবার রাত থেকে মা–মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে সকালে মেঘলার কানাপাড়ার লালমোহন বাগান সংলগ্ন তঞ্চঙ্গ্যা পাড়ার উঁচু এক পাহাড়ের নিচে পড়ে থাকতে দেখা যায় তাদের।
বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মান্না দে বলেন, শহরের মেঘলা এলাকা থেকে মা-মেয়ের দুজনের লাশ উদ্ধার করেছি। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।



