নির্বাচনী পরবর্তী সংঘর্ষে আহত ১০

বাগেরহাটের কচুয়ায় নির্বাচনী ফলাফল নিয়ে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে এ সহিংসতার ঘটনা ঘটে।

জানা গেছে, বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের সমর্থক এবং বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। বিকেলে ছিটাবাড়ি গ্রামের জিহাদের চায়ের দোকানের সামনে দুই পক্ষের মধ্যে নির্বাচনী ফলাফল নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে ধানের শীষের সমর্থক মিরাজ শিকদার (৩৫), হাবিবুর শিকদার (৩৭), হোসাইন বেপারী (২৫) ও ইমরান শেখ (২৫) আহত হন। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ওসমান সরদার (৩৫) ও সালাম সরদারসহ (৫৮) উভয় পক্ষের অন্তত ১০ জন জখম হন। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে হাবিবুর শিকদার, মিরাজ শিকদার ও ওসমান সরদারের আঘাত অত্যন্ত গুরুতর। তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) রেফার্ড করেছেন।

বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক (ইএমও) ডা. শেখ আদনান হোসেন জানান, সন্ধ্যায় মারামারির ঘটনায় আহত বেশ কয়েকজন রোগী হাসপাতালে আসেন। যাদের আঘাত কম তাদের এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তিনজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের দ্রুত খুলনায় পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বর্তমানে থমথমে উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025