ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অনেকে জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শীষে ভোট দিয়েছে। আবার দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচন বর্জনের ডাক দিয়েছে। কিন্তু নির্বাচন আরও অন্তর্ভুক্তিমূলক হওয়ার সুযোগ ছিল। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নিয়ে কথা উঠবে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে টিআইবি আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগকে বাইরে রেখে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, তৃণমূল পর্যায়ে অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শীষ বা দাঁড়িপাল্লায় ভোট দিতে বলেছিলেন। তারা ভোট দিয়েছেন। আওয়ামী লীগের শতভাগ নেতাকর্মী ভোট দেননি, এটা বলার সুযোগ নেই।
তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচনকে নিয়ে বিদেশি পর্যবেক্ষকরা আরও অন্তর্ভুক্তি হওয়ার সুযোগ ছিল বলে মন্তব্য করেছেন।
আওয়ামী লীগবিহীন নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হলো কি না এ নিয়ে আরও প্রশ্ন উঠবে বলেও মন্তব্য করেন ইফতেখারুজ্জামান।
সংবাদ সম্মেলনে যুগ্মভাবে পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করেন মো. মাহফুজুল হক ও মো. তৌহিদুল ইসলাম।




