ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নামে মিথ্যাচার করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, আইসিসির সিকিউরিটি দল তিন শর্ত উল্লেখ করে বাংলাদেশকে চিঠি দিয়েছে। সেখানে না কি আইসিসি বলেছে- টি-টোয়েন্টি বিশ্বকাপে মোস্তাফিজ বাংলাদেশ দলে থাকলে নিরাপত্তা ঝুঁকি আছে, বাংলাদেশের জার্সি পরলে সমস্যা হবে এবং বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন পেছাতে হবে।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালক জানিয়েছেন, এমন কোনো চিঠি তারা পাননি। এমনকি বিসিবির পাঠানো মেইলের পর আইসিসি এখনও কোনো জবাব দেয়নি।
সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক অনুষ্ঠানে গিয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আপনারা নিশ্চয়ই ক্রিকেটের খবর জানার জন্য এখানে এসেছেন। ক্রিকেটের ক্ষেত্রে আমাদের নতুন কোনো ডেভেলপমেন্ট নেই। আমরা দুটি চিঠি দিয়েছি এবং আইসিসির উত্তরের অপেক্ষায় আছি। এর মধ্যে একটি বিষয় ঘটেছে যা আপনাদের জানানো প্রয়োজন। আইসিসির যে সিকিউরিটি টিম আছে, তারা একটি চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে, তিনটি বিষয় ঘটলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে। প্রথমত, বাংলাদেশ দলে যদি মোস্তাফিজ অন্তর্ভুক্ত হন। দ্বিতীয়ত, বাংলাদেশ দলের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন। আর তৃতীয়ত, নির্বাচন যত এগিয়ে আসবে, তত বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাবে। আইসিসির সিকিউরিটি টিমের এই বক্তব্যই প্রমাণ করে যে, ভারতে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই।’
এ সময় তিনি আইসিসির সিকিউরিটি দলের এই চিঠি সবাইকে দেওয়া হবে বলে জানান।
তবে এমন চিঠি পাওয়ার কথা অস্বীকার করছে খোদ বিসিবি। বোর্ডের এক পরিচালক বিস্মিত হয়ে বলেন, ‘কোথা থেকে তিনি এসব পেলেন? আমরা কিছুই জানি না। আইসিসি তো কোনো জবাবই দেয়নি। আইসিসির এগুলো বলার কথাও না।’




